জাতীয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা, ২৬ জুলাই – তুরস্কে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার ২৫ জুলাই তিনি দেশে পৌঁছান।

তুরস্ক সফরের শুরুতে সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং তুর্কি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গেও তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

সেনাপ্রধান সফরকালে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তরে পৌঁছালে জেনারেল ওয়াকার-উজ-জামানকে দেশটির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button