মধ্যপ্রাচ্য

সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু

দামেস্ক, ২৫ জুলাই – সিরিয়ার রাজধানী দামেস্কের মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয় যে, দেইর আল জোর ও দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সড়কে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পূর্ব সিরিয়ার সাথে রাজধানী দামেস্ককে সংযুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, আল সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের লক্ষ্যে দুর্ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

উল্লেখ্য যে, দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের ফলে সিরিয়ার সড়ক ও বেসামরিক অবকাঠামো অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। গত অক্টোবর মাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল সালেহ জানিয়েছিলেন যে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা অন্যতম।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button