জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী

ঢাকা, ২৫ জুলাই – পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতিনির্ধারণী ফোরাম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জিয়ারতকালে রুহুল কবির রিজভীর সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নবনিযুক্ত ১২ জন চুক্তিভিত্তিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, সরকারের বিভিন্ন সংস্থায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিগত আন্দোলনে নেতাকর্মীদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব কর্মকর্তা কোনো অবস্থাতেই নিজেদের আদর্শ বিসর্জন দেবেন না এবং দেশ ও জাতির সেবায় অবিচল থাকবেন।

দলের শীর্ষ নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ গঠনমূলক পথে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করার জন্য তিনি দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানান।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং আপাতত সেই কারণটিই গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে।

তবে বিভিন্ন মহল থেকে তার বিচারের যে দাবি উঠেছে তা নিয়ে দলের উচ্চপর্যায়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের ঘোষণা দেয় সরকার।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button