জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

ঢাকা, ২৩ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৫০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫১ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ১২ হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত এক দিনে একজনের মৃত্যুসহ এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯ জনের প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত মোট ১০ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বিগত বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং সেই সময়ে প্রাণহানি ঘটেছিল ৪১৩ জনের।

এনএন/ ২৩ জুলাই ২০২৬


Back to top button