সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বিস্ফোরণ: ২২ মরদেহ উদ্ধার

গ্যাংটক, ২৩ জুলাই – ভারতের সিকিমের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২০ জুলাই প্রকল্পের হেডরেস টানেলে হঠাৎ মিথেন গ্যাস বিস্ফোরণ ও নির্গমনের ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সুড়ঙ্গের ভেতর এখনো অন্তত ৩ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো তাদের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার নামচি জেলার জেলা ম্যাজিস্ট্রেট অনুপা তামলিং এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা দিনরাত এক করে কাজ করছেন। তল্লাশি অভিযানে সহায়তার জন্য পশ্চিমবঙ্গ আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড থেকে একটি বিশেষ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে।
রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা এনএইচপিসি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। বর্তমানে সংস্থার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধারকাজ তদারকি করছেন।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









