দক্ষিণ এশিয়া

‘ তরুণদের ভবিষ্যত নষ্ট করার পিছনে আপনিই দায়ী’, মোদিকে তোপ রাহুলের

দিল্লি, ২৩ জুলাই – সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সম্প্রতি সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করবে সরকার।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের সাথে যারা ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রীর এই বার্তার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

তিনি প্রধানমন্ত্রীকে তরুণদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের সুযোগ করে দিয়েছে। রাহুল গান্ধী গত ১০ বছরে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছেন।

বিরোধীদের এই কঠোর অবস্থানের মধ্যে প্রধানমন্ত্রীর ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা পরিস্থিতি শান্ত করার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button