লালমনিরহাট সীমান্তে বিএসএফের অবৈধ খুঁটি স্থাপনের চেষ্টা পণ্ড করল বিজিবি

লালমনিরহাট, ২১ জুলাই – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের পঁয়ষট্টিবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলারের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়,
সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় আগে থেকেই কিছু বাঁশের খুঁটি ছিল। সোমবার সন্ধ্যায় ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা এক নম্বর ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা সেই বাঁশের খুঁটি সরিয়ে তিন থেকে চার ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে।
বিষয়টি নজরে আসতেই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে স্থায়ী স্থাপনা নির্মাণে বাধা দেয়। বিজিবির কড়া বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এস এম/ ২১ জুলাই ২০২৬









