ফুটবল

প্রবল বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে মেসি ও আর্জেন্টিনা

বুয়েনস আইরেস, ১৯ জুলাই – লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা লড়াইয়ের প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে রাজি নয় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বিশ্বজয়ী এই ফুটবলাররা।

নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস ও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবারের নির্ধারিত অনুশীলন সূচি বজায় রেখেছে স্কালোনির শিষ্যরা। যদিও একই পরিস্থিতিতে সতর্কতা মেনে মাঠের অনুশীলন এড়িয়ে গেছে স্পেন দল।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মরিয়া লিওনেল মেসিকে থামাতে পারছে না কোনো প্রাকৃতিক বাধা। অনুশীলনের সময় বজ্রপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও দমে যাননি আর্জেন্টাইন অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনি প্রতিকূলতার মধ্যেই পুরো দলকে নিয়ে মাঠের প্রস্তুতি চালিয়ে যান।

বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সুরক্ষার খাতিরে কিছুক্ষণ বিরতি নেওয়া হলেও আবহাওয়া সামান্য অনুকূলে আসতেই পুনরায় মাঠে ফেরেন মেসিরা। অনুশীলনে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ট্যাকটিক্যাল বা কৌশলগত দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে বৃষ্টির কারণে কোনো ফুটবলারের চোট বা অসুস্থতার ঝুঁকি নিতে চায়নি স্পেন। তাই লামিনে ইয়ামালরা আউটডোর প্র্যাকটিসের পরিবর্তে ইনডোর অনুশীলনের মাধ্যমেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button