বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে

বান্দরবান, ১৬ জুলাই – বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় গত ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হয়নি। ফলে জেলার অধিকাংশ পর্যটনকেন্দ্র এখন পর্যটকদের জন্য উন্মুক্ত।
তবে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রটি আগামী ২০ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি জানান, অতিবৃষ্টির ফলে দেবতাখুমের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত সেখানে মেরামত কাজ চলবে। এ সময় পর্যন্ত কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে অন্যান্য স্থানগুলোও পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ করা হচ্ছে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









