বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত নিয়ে ফিফায় তোলপাড়

ওয়াশিংটন, ১৪ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ পর্যায়ে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় ফুটবল বিশ্বের প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্ক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিতের ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে ফিফার স্বচ্ছতা নিয়ে।
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পান বালোগান। নিয়মানুযায়ী পরবর্তী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার নিষিদ্ধ থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে ফিফা তাকে খেলার অনুমতি দেয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে ফিফার গভর্নিং বডি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে পরবর্তীতে জানা যায় যে ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একক সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা স্থগিত করেন। এই প্রক্রিয়ায় কমিটির অন্য সদস্যদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি যা ফিফার প্রচলিত নিয়মের পরিপন্থী।
সাধারণত চেয়ারম্যান ও আরও দুইজন সদস্যের সমন্বয়ে গঠিত প্যানেল এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সরাসরি কথা বলে বালোগানের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
এরপরই মার্কিন এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ জন খেলোয়াড় লাল কার্ড পেলেও একমাত্র বালোগানই নিয়ম বহির্ভূতভাবে পরের ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তবে এই বিতর্কিত সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারেনি।
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে স্বাগতিক দেশটি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফিফার নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









