মেসিকে রুখতে সুইজারল্যান্ডের বিশেষ পরিকল্পনা, ছিটকে গেলেন মানজাম্বি

বার্ন, ১১ জুলাই – বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বি।
তবে দলের এই প্রধান স্ট্রাইকারকে ছাড়াই লিওনেল মেসিকে রুখে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সুইস শিবির। আর্জেন্টিনার প্রধান তারকা মেসির প্রভাব কমিয়ে আনার কৌশল সম্পর্কে কোচ মুরাত ইয়াকিন জানিয়েছেন, বলের দখল নিজেদের কাছে রাখাই হবে সবচেয়ে কার্যকর উপায়।
ইয়াকিন বলেন, বল আমাদের নিয়ন্ত্রণে থাকলে মেসি খুব বেশি সুযোগ তৈরি করতে পারবে না। আমরা আমাদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে চাই এবং মেসিকে বল নিয়ে খেলার জায়গা দিতে চাই না। তিনি আরও বলেন, মেসিকে আটকানোর জন্য একাধিক বিকল্প রয়েছে এবং তারা সেরা উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছেন।
মাঠে একটি একক ইউনিট হিসেবে খেলার পরিকল্পনা রয়েছে তাদের। ভালো পাসিং এবং হাই লাইনে চাপ সৃষ্টির মাধ্যমে আর্জেন্টিনাকে পরাস্ত করতে চায় সুইসরা। চলমান বিশ্বকাপে তিনটি গোল ও দুইটি অ্যাসিস্ট করা মানজাম্বি নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও খেলতে পারেননি।
মুরাত ইয়াকিন জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও মানজাম্বিকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তাই তাকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে দল সাজাতে হচ্ছে। এদিকে সুইস অধিনায়ক গ্রানিত জাকা জানিয়েছেন, তাদের পুরো মনোযোগ কেবল আর্জেন্টিনাকে হারানোর দিকে। মেসিকে ঘিরে বাড়তি উত্তেজনার সুযোগ নেই বলে মনে করেন তিনি।
সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমান মন্তব্য করেছিলেন যে, সুইস ফুটবলাররা মেসিকে অতিরিক্ত সম্মান দিচ্ছেন এবং ম্যাচ শেষে তার জার্সি সংগ্রহ করাই যেন তাদের মূল লক্ষ্য। লেহমানের এমন মন্তব্যের জবাবে জাকা বলেন, মানুষ কী বলছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা কেবল মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিতে চান।
এস এম/ ১১ জুলাই ২০২৬









