বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম, ১০ জুলাই – বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বন্যা পরিস্থিতি প্রতিকূল থাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি আপাতত নেওয়া সম্ভব হচ্ছে না। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি এলাকায় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ১০ জুলাই ২০২৬









