শিক্ষা

বগুড়ায় প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, সংসদে বিল উত্থাপন

ঢাকা, ৮ জুলাই – বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জেলাটিতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। বিলটি পাস হলে সেখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার আইনি ভিত্তি পাবে সরকার।

এর আগে ২০০১ সালে বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় একটি আইন প্রণয়ন করা হলেও পরবর্তী দীর্ঘ সময়ে সেটি আর আলোর মুখ দেখেনি।

আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের বিভিন্ন জেলায় একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে পুনরায় এই বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করেছে। তবে এবারের বিলে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নয় বরং একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপন করেন। এরপর বিলটি অধিকতর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে এই আইনটি প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিলে উল্লেখ করা হয়।

প্রস্তাবিত এই বিলটি সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি রহিত হয়ে যাবে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান যে ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে গেজেট প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরুর সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রস্তাবিত আইনে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির কথা বলা হয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয়টি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এনএন/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language