সিলেট

সিলেটে নতুন ডিসি নিয়োগে পরিবর্তন, দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল মামুন

সিলেট, ৯ জুলাই – সিলেটের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে বদলি করা হলেও তিনি শেষ পর্যন্ত যোগ দেননি। তার পরিবর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২১ জুন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে ২৮ জুন মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই আদেশ অনুযায়ী রেজা হাসান কুমিল্লার ডিসির পদ ছাড়লেও সিলেটে আর যোগ দেননি। ইতোমধ্যে কুমিল্লাতেও নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মু. রেজা হাসানের নিয়োগের বিষয়টি সিলেটের স্থানীয় একজন প্রভাবশালী মন্ত্রীর পছন্দ না হওয়ায় এই রদবদল হয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করেছিলেন বলে জানা গেছে। তখন থেকেই সিলেটে পুনরায় নতুন জেলা প্রশাসক নিয়োগের গুঞ্জন শোনা যাচ্ছিল। আব্দুল্লাহ আল মামুনের নিয়োগের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটল।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language