হবিগঞ্জ

হবিগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি: আতঙ্কে নদীপাড়ের মানুষ

হবিগঞ্জ, ৮ জুলাই – গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের সবকটি নদ-নদীর পানি হু-হু করে বাড়ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

নদ-নদীগুলোর পানি ক্রমাগত বাড়লেও বুধবার বিকেল পর্যন্ত কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। তবে পানির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান যে উজানে ও দেশের অভ্যন্তরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

বিশেষ করে খোয়াই নদীর বাল্লা সীমান্তে পানি দ্রুত বাড়ছে। খোয়াই ছাড়াও কুশিয়ারা, সুতাং ও সোনাইসহ প্রতিটি নদ-নদীতে পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত জেলায় বিপদসীমা অতিক্রম করার কোনো পূর্বাভাস নেই।

এদিকে হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন যে বন্যার কোনো সুনির্দিষ্ট পূর্বাভাস এখন পর্যন্ত আসেনি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language