ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে সেনাবাহিনীকে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি ট্রাম্প।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। প্রায় ৪০ মিনিটের দীর্ঘ এই ভাষণে ট্রাম্প বর্তমান মার্কিন সেনাবাহিনীর সুসংহত অবস্থার প্রশংসা করে বলেন, দেশটির সামরিক শক্তি এখনকার মতো আর কোনো সময় এতটা শক্তিশালী ছিল না।
ভাষণের এক পর্যায়ে তিনি বিভিন্ন যুদ্ধে প্রাণ হারানো মার্কিন বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতার কথা উল্লেখ করে ট্রাম্প তার প্রশাসনের সাফল্যের চিত্র তুলে ধরেন।
একই সঙ্গে তিনি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কঠোর ভাষায় কমিউনিস্টদের সমালোচনা করেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেওয়ায় উপস্থিত সাধারণ জনগণকে ধন্যবাদ জানান তিনি।
স্বাধীনতা দিবসের এই আয়োজনে আকর্ষণীয় আতশবাজি প্রদর্শনীর পাশাপাশি আকাশে মার্কিন যুদ্ধবিমানের বিশেষ মহড়া প্রদর্শিত হয়।
অন্যদিকে একই দিনে স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য ট্রাম্প তার বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং মার্কিন সামরিক কৌশলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এস এম/ ৫ জুলাই ২০২৬









