জাতীয়

বর্জ্য অপসারণে অনিয়ম হলে ঠিকাদারের টেন্ডার বাতিল হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ৪ জুলাই – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, বাসাবাড়ির বর্জ্য অপসারণে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে।

শনিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কঠোর বার্তা দেন। ডিএসসিসি প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখা।

অনেক সময় দেখা যায় মার্কেটগুলো থেকে রাস্তার মাঝখানে আবর্জনা ফেলে রাখা হয়। ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হকারদের বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে হকাররা বসলেও তারা যথাযথভাবে বর্জ্য পরিষ্কার করছেন না।

তাদেরও নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মো. আবদুস সালাম আরও জানান, বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা অপসারণ না করা এবং নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। যারা এমন জনস্বার্থবিরোধী কাজের সাথে জড়িত থাকবে, ভবিষ্যতে তাদের নতুন কোনো কাজের টেন্ডার দেওয়া হবে না।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাড়িতে লার্ভা পাওয়া গেছে। লার্ভা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এছাড়া ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language