জাতীয়

জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার পূর্বাভাস

ঢাকা, ৩ জুলাই – উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব সময়ই বন্যার ঝুঁকি থাকে।

এই সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয় যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়েই দেশে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলো ঘটেছে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড প্লাবিত হয়েছিল।

একইভাবে ১৯৯৮ সালের ঐতিহাসিক বন্যা জুলাই ও আগস্ট জুড়ে দুই মাসেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন ব্রহ্মপুত্র ও মেঘনা এই দুই বৃহৎ নদী অববাহিকায় একই সময়ে পানির উচ্চপ্রবাহ দেখা দেওয়াই সবচেয়ে বড় ঝুঁকি।

বর্তমানে এফএফডব্লিউসি দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। প্রকৌশলী সারদার উদয় রায়হান আরও জানান বর্তমানে ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে তবে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হওয়ার ফলে সংশ্লিষ্ট নিম্নাঞ্চল প্লাবিত থাকতে পারে।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language