সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

স্টকহোম, ২ জুলাই – সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মস্কো। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ড্রোন থেকে লাল রং ভর্তি বাক্স এবং অন্যটি থেকে একটি নকল বিস্ফোরক যন্ত্র প্রাঙ্গণে ফেলা হয়।
বৃহস্পতিবার দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়, এই হামলাটি একটি কোয়াডকপ্টারের মাধ্যমে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, এই ঘটনা রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের একটি প্রকাশ্য চেষ্টা ছাড়া আর কিছু নয়।
এই হামলার পরিণতির জন্য সুইডেন সরকারকেই দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিটি হামলার পর সুইডিশ পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, সুইডিশ কর্তৃপক্ষের পরোক্ষ সমর্থনেই এমন উসকানিমূলক কর্মকাণ্ড চলছে। তিনি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্টকহোমকে কঠোর হওয়ার আহ্বান জানান।
এস এম/ ২ জুলাই ২০২৬









