শেষ হলো ফিরতি হজ ফ্লাইট, দেশে ফিরলেন ৭৯ হাজার ১০০ হাজি

ঢাকা, ১ জুলাই – চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার রাতে শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭৯ হাজার ১০০ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৪ হাজার ৬৪১ জন। বিমানের পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ৩৪ হাজার ৫৬৭ জন হাজিকে পরিবহন করেছে।
এছাড়া সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৩৭৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৪৩ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৮ হাজার ১১৩ জন হাজি। এবারের ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে মোট ২১৬টি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৬টি, সৌদি এয়ারলাইন্স ৭০টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করে। পবিত্র হজ পালন করতে গিয়ে এবার সৌদি আরবে সর্বমোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, এ বছর হজযাত্রা উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট পরিচালনা শেষ হয়। পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল।
চলতি বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।
এস এম/ ১ জুলাই ২০২৬









