উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম দ্রুত কমানোর নির্দেশ ট্রাম্পের, অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ওয়াশিংটন, ৩০ জুন – যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে পেট্রোলের দাম অবিলম্বে কমানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশনা বাস্তবায়নে কোনো টালবাহানা করা হলে জ্বালানি বিক্রেতাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, খুচরা বিক্রেতাদের কোনো অজুহাত ছাড়াই দ্রুত তেলের দাম কমাতে হবে। তিনি প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।

ট্রাম্পের মতে, খুচরা বিক্রেতাদের উচিত মার্কিন ভোক্তাদের স্বার্থে দ্রুত সাড়া দেওয়া। বিশেষভাবে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প রাজ্যটিকে পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর পরামর্শ দেন। তিনি দাবি করেন, করের পরিমাণ জ্বালানির মূল্যের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, যা সাধারণ নাগরিকরা মেনে নেবে না।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্প প্রশাসনের নীতির কড়া সমালোচক এবং সেখানে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে দীর্ঘমেয়াদি কাজ চলছে। এদিকে ইরান ও ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার মধ্যে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এমনকি ২০১৫ সালে বন্ধ হওয়া একটি তেল পাইপলাইন পুনরায় চালু করতে জরুরি ক্ষমতা ব্যবহার করা হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, তেল কোম্পানিগুলো কম দামে অপরিশোধিত তেল কিনলেও পাম্পগুলোতে দাম কমাচ্ছে না।

এই বিষয়টি তদন্ত করতে তিনি দেশটির বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন। ইরান সংকটের অবসান হলে দাম দ্রুত কমে আসবে বলে ট্রাম্প দাবি করলেও অর্থনীতিবিদরা দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে শঙ্কিত।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language