মধ্যপ্রাচ্য

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের প্রস্তুতি: ২ কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

তেহরান, ২৮ জুন – ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ জানাজাকে কেন্দ্র করে বিশাল পরিসরে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই শোকানুষ্ঠান ও দাফন প্রক্রিয়ায় প্রায় দুই কোটি মানুষ অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার ইরানের রাষ্ট্রীয় মাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ জুলাই ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র নগরী কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাঁকে সমাহিত করা হবে।

জানাজা ও দাফন প্রক্রিয়া নিরাপদ রাখতে পুলিশ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর পাশাপাশি প্রতিবেশী দেশ ইরাকের কারবালাতেও একটি পৃথক শোকানুষ্ঠানের আয়োজনের সম্ভাবনা রয়েছে।

তবে ইরাকে অনুষ্ঠানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান সরকার। ৮৬ বছর বয়সী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের সরকারি বাসভবনে এক বিমান হামলায় নিহত হন।

এর আগে কয়েক দফা নিরাপত্তাজনিত কারণে দাফন পেছানো হয়েছিল, কারণ এই অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সকল রাজনৈতিক নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language