মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করলে উত্তেজনা আরও বাড়বে: ইরানের হুঁশিয়ারি

তেহরান, ২৮ জুন – হরমুজ প্রণালীতে ইরানের ব্যবস্থাপনার অধীনে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

এর আগে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সকালে ইরাক পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাগদাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরাকের যোগাযোগমন্ত্রী মুস্তফা জাব্বার সানাদ। এই সফরে আরাগচি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরাকি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তেহরানের শীর্ষ এই কূটনীতিক জানান যে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় এবং বিদ্যমান বাধাগুলো দূর হওয়ার পর আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী ইরানের একক ব্যবস্থাপনায় যুদ্ধপূর্ব সক্ষমতায় ফিরে আসবে।

আরাগচি সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের পূর্ণ দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। তিনি বলেন যে, যেকোনো ধরনের সমান্তরাল ব্যবস্থা তৈরির প্রচেষ্টা বা হস্তক্ষেপ বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এর ফলে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।

গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইরানের উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে আরাগচি বলেন যে, গত দুই রাতের সংঘাতই পরিস্থিতির নাজুকতা প্রমাণ করে। সংবাদ সম্মেলনে যুদ্ধের সময় ইরানের প্রতি সমর্থনের জন্য ইরাককে ধন্যবাদ জানান তিনি।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language