৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব মাহবুব উদ্দিন খোকনের

ঢাকা, ২৮ জুন – বিগত সরকারের আমলে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে অর্জিত অবৈধ টাকা উদ্ধার এবং কালো টাকার উৎস বন্ধ করতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
আজ রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। মাহবুব উদ্দিন বলেন যে বিপুল পরিমাণ নগদ অর্থ বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার বাইরে সাধারণ মানুষের বাড়িতে গচ্ছিত রয়েছে।
বিশেষ করে যারা স্বৈরাচারী শাসনের সুবিধাভোগী তারা এই অর্থ নিজেদের কাছে রেখেছেন। তিনি প্রস্তাব করেন যে সরকার যদি উচ্চমূল্যের এই নোটগুলো বাতিলের ঘোষণা দিয়ে দুই মাস সময় দেয় তবে ওই অর্থ ব্যাংকে ফিরে আসবে। এক্ষেত্রে যাদের ট্যাক্স ফাইলে অর্থের হিসাব নেই তারা ২৫ শতাংশ কর প্রদান করে অর্থ বৈধ করার সুযোগ পাবেন।
এর ফলে ব্যাংকিং খাতে তারল্য সংকট দূর হবে এবং বাজেট ঘাটতি মোকাবিলা করা সহজ হবে। ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন যে বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। এমপি বা নেতা হলেই ব্যাংক ও লিজিং কোম্পানি খোলার সংস্কৃতি বন্ধ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জনগণের আমানতের টাকা দিয়ে দুর্বল ব্যাংক বাঁচিয়ে রাখার প্রতিবাদ জানিয়ে তিনি ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর করার আহ্বান জানান। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন যে আন্তর্জাতিক আর্থিক জটিলতার কারণে পাচারকৃত টাকা দেশে আনা অত্যন্ত কঠিন।
তাই দেশের ভেতর বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মানুষ অর্থ বাইরে পাঠাতে উৎসাহিত না হয়। সিঙ্গাপুর ও দুবাইয়ের মতো আস্থার পরিবেশ তৈরি করতে শুধু আইন নয় বরং পুরো ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এস এম/ ২৮ জুন ২০২৬









