ফুটবল

শোক কাটিয়ে অনুশীলনে ফিরলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম

প্যারিস, ২৭ জুন – ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম ব্যক্তিগত শোক কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন। মায়ের মৃত্যুর কারণে জরুরি ভিত্তিতে ফ্রান্সে যাওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে ফিরে আসেন। ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে গিয়েছিলেন। শুক্রবার তিনি তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন।

দেশমের অনুপস্থিতিতে দলের সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন।

কোচের অনুপস্থিতিতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ফ্রান্স গ্রুপ আই এর শীর্ষস্থান নিশ্চিত করেছে।

শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে জানা গেছে।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।

দেশমের প্রত্যাবর্তনে দলের খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছে দল সংশ্লিষ্টরা।

এনএন/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language