দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০২

ঢাকা, ২৬ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট ৭০২ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে যে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন শিশু। অর্থাৎ উভয় পরিস্থিতি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৭ জন শিশু। এই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৯ জন। সব মিলিয়ে গত একদিনে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।
পরিসংখ্যানে দেখা গেছে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৭ হাজার ৬১৩ জন।
এনএন/ ২৬ জুন ২০২৬









