দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ৭ হাজারের বেশি নিখোঁজ, বাড়তে পারে প্রাণহানি

কারাকাস, ২৫ জুন – ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজদের সন্ধানে চালু করা একটি বিশেষ ওয়েবসাইটে এখন পর্যন্ত ৭ হাজার ৩৮১ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত পৌনে ৩টা পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার খবর নথিভুক্ত করা হয়। উদ্ধারকারীদের ধারণা, নিখোঁজ ব্যক্তিরা ভূমিকম্পে ধসে পড়া বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়ে থাকতে পারেন।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি নিখোঁজ ব্যক্তি এবং ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য সরকারের তৈরি করা ভেনঅ্যাপ এর মাধ্যমে জানাতে অনুরোধ করেছেন।

বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে। তাদের মূল্যায়ন অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখ অতিক্রম করার সম্ভাবনা ৩০ শতাংশ।

সংস্থাটি আরও সতর্ক করেছে যে, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি অত্যন্ত বেশি এবং এর প্রভাব বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language