ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যে অংশ নিতে মোদিকে তেহরানের আমন্ত্রণ

তেহরান, ২৪ জুন – ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে পাঠানো এই আমন্ত্রণ মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকার এই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী খামেনির শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতা ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। তেহরান ও কোমে ৫, ৬ এবং ৭ জুলাই ধর্মীয় ও রাষ্ট্রীয় আয়োজনের পর ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এদিকে ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শেষকৃত্যে অংশ নেবেন কি না। ফলে বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও জল্পনা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় নিহত হন। ইসলামি শরিয়াহ অনুযায়ী দ্রুত দাফনের বিধান থাকলেও পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উত্তেজনার কারণে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছিল।
এস এম/ ২৪ জুন ২০২৬









