আইন-আদালত

চিত্রনায়ক সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল

ঢাকা, ২৩ জুন – প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এই আদেশ বাতিলের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, দীর্ঘ তিন দশক পর দেহাবশেষ উত্তোলন করলে তা থেকে কোনো কার্যকর ফরেনসিক আলামত পাওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া এমন প্রক্রিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে। এসব বাস্তবসম্মত দিক বিবেচনায় নিয়ে আদালতে আদেশ বাতিলের আবেদন করা হলে বিচারক তা গ্রহণ করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার সমাধি থেকে দেহাবশেষ উত্তোলন করা হলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া নিহতের মা নীলা চৌধুরীও এ প্রক্রিয়ার বিষয়ে তার আপত্তির কথা জানিয়েছিলেন।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ কবর থেকে দেহাবশেষ উত্তোলনের আবেদন করলে গত ২৪ মে আদালত সেই অনুমতি দিয়েছিলেন।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language