দক্ষিণ এশিয়া

তামিলনাড়ুর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ: মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ উদয়নিধির

চেন্নাই, ২৩ জুন – তামিলনাড়ুর রাজনীতিতে এবার ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুড়ির ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিনেতা ও রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন।

মুখ্যমন্ত্রীর বৈবাহিক জীবনের সংকটকে সামনে এনে উদয়নিধি মন্তব্য করেন যে, চেঙ্গলপট্টু আদালতে স্বামীর সন্ধানে স্ত্রীর ঘোরার বিষয়টি পুরো তামিলনাড়ু জানে। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানান।

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আইনি বিচ্ছেদের সেই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উদয়নিধি এই ব্যক্তিগত বিষয়টি টেনে এনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।

এর আগে মুখ্যমন্ত্রী বিজয় মন্তব্য করেছিলেন যে, বিরোধী দলগুলোর উসকানিতে কৃষকরা আন্দোলন করছেন। এর জবাবে ক্ষোভ প্রকাশ করে উদয়নিধি বলেন, কৃষকদের অপমান করা অত্যন্ত নিন্দনীয়। তিনি বিজয়কে উদ্দেশ্য করে বলেন, আদালতের বিষয়টি সবার জানা, তাই অপ্রাসঙ্গিক ছোটগল্প বলা বন্ধ করে বর্তমান গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মনোযোগ দেওয়া উচিত।

এই ব্যক্তিগত আক্রমণের সূত্রপাত ঘটে বিধানসভার অধিবেশন চলাকালে। সেখানে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিজয় সরাসরি ডিএমকে দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যে, দলীয় তহবিল সংগ্রহের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং তার সরকার তা উদ্ধার করবে।

বিজয়ের এই মন্তব্যে তীব্র আপত্তি জানান বিরোধী শিবিরের সদস্যরা। উদয়নিধি স্ট্যালিন পয়েন্ট অব অর্ডার তুলে দাবি করেন যে, প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করতে পারেন না। তবে স্পিকারের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান এবং দাবি করেন তার দল ডিএমকের মতো দুর্নীতিতে জড়াবে না বা সরকারি কোষাগার লুট করতে দেবে না।

এ সময় বিজয় সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের একটি সুপরিচিত হাতের ভঙ্গিও নকল করে দেখান। বিধানসভার বাইরে এসে উদয়নিধি মুখ্যমন্ত্রীর এই আচরণকে সামাজিক মাধ্যমের সস্তা প্রচার হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিজয় বিধানসভাকে সিনেমা থিয়েটার বা শুটিং স্পটে পরিণত করেছেন। তার মতে, মুখ্যমন্ত্রীর দীর্ঘ বক্তব্যটি ছিল সম্পূর্ণ চিত্রনাট্য নির্ভর এবং কৃত্রিম।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language