১২ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

তেহরান, ২৩ জুন – দীর্ঘদিন ধরে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের টানা ১৮ ঘণ্টার আলোচনার পর এ অগ্রগতি অর্জিত হয়।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এই সমঝোতার আওতায় ইরানের জ্বালানি তেল ও পেট্রোরাসায়নিক খাতের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
আগামী ১ আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোরাসায়নিক পণ্য বিক্রির বিশেষ সুযোগ পাবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় কাজ করার অনুমতি দেওয়ার বিনিময়ে তেহরানকে এই সুবিধা দেওয়া হয়েছে।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনায় পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করে। তবে অবমুক্ত হওয়া অর্থের ব্যবহার নিয়ে ইতোমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই অর্থের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনায় ব্যয় করতে হবে।
কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হবে, সেটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে ইরানকে কোনোভাবে বাধ্য করা যাবে না বলেও তেহরান স্পষ্ট করে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হলেও পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোতে সংকট এখনো বিদ্যমান।
এস এম/ ২৩ জুন ২০২৬









