দক্ষিণ এশিয়া

মুম্বাইয়ে ২৫১ কিমি গতিতে বিএমডব্লিউ দুর্ঘটনা: নিহত ২ বন্ধু

মুম্বাই, ২২ জুন – মুম্বাইয়ের উপকণ্ঠে তিতওয়ালায় জন্মদিনের পার্টি শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ৩টার দিকে নির্মাণাধীন দিল্লী মুম্বাই হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএমডব্লিউ জেড৪ মডেলের একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যোগেশ নেগি এবং রেবেকা জ্যাকব প্রাণ হারান।

গাড়িতে থাকা অপর বন্ধু আঙ্গাদ গিল গুরুতর আহত অবস্থায় মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্তে জানা গেছে, যোগেশ নেগির ২৪তম জন্মদিন পালন করতে তিন বন্ধু তিতওয়ালার একটি রিসোর্টে গিয়েছিলেন। ফেরার পথে গাড়িটি চালাচ্ছিলেন আঙ্গাদ গিল।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার ঠিক আগে গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৫১ কিলোমিটার। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টিলের ডিভাইডারে ধাক্কা খায় এবং কয়েকবার উল্টে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে।

ইমপ্যাক্ট এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং নিহতদের দেহাবশেষ মহাসড়কের দীর্ঘ পথ জুড়ে ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক ধারণা, ফাঁকা মহাসড়ক পেয়ে গাড়ির সর্বোচ্চ গতি পরীক্ষা করতে গিয়েই এই বিপর্যয় ঘটেছে।

এই ঘটনায় বদলাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তরুণদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language