ফুটবল

স্পেনের বিপক্ষে বীরত্ব: ৪০ বছর বয়সে বিশ্বকাপের নতুন নায়ক ভোজিনহা

প্রায়া, ১৬ জুন – স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের আক্রমণভাগের একের পর এক প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে তিনি এখন বৈশ্বিক তারকা।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রভাব দেখা গেছে অভাবনীয়ভাবে। ম্যাচ শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ছিল মাত্র ৫৬ হাজার, যা ম্যাচের কয়েক ঘণ্টার ব্যবধানে ৫০ লাখে উন্নীত হয়েছে। কেপ ভার্দের ফুটবল ইতিহাসে এটিই প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ।

এই মাহেন্দ্রক্ষণকে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে তিনি ২৭টি শটের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে সাতটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ভোজিনহা।

কোচ বুবিস্তা তার এই অর্জনে গর্ব প্রকাশ করে জানিয়েছেন যে, ভোজিনহার এই কান্না দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সংগ্রামের প্রতিফলন। মিন্দেলো শহরে জন্ম নেওয়া এই ফুটবলারের পেশাদার যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে স্থানীয় ক্লাব বাতুকের মাধ্যমে। এরপর তিনি পর্তুগাল, অ্যাঙ্গোলা, মলদোভা ও সাইপ্রাসের বিভিন্ন ক্লাবে খেলেছেন।

বর্তমানে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের হয়ে খেলছেন। বিশ্বকাপ বাছাইপর্বেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ভোজিনহা। ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই তিনি কোনো গোল হজম করেননি।

৪০ বছর বয়সে এসে বিশ্বমঞ্চে এমন পারফরম্যান্সের পর তিনি জানান, স্বপ্নের পেছনে লেগে থাকার সুফল তিনি আজ পাচ্ছেন। এই জয় ও পুরস্কার তিনি তার পুরো দলকে উৎসর্গ করেছেন।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button