ফুটবল

অনুশীলনে ফিরলেন মার্তিনেজ, আলজেরিয়ার বিপক্ষে খেলার জোরালো সম্ভাবনা

ওয়াশিংটন, ১৪ জুন – আসন্ন বিশ্বকাপ অভিযান শুরুর প্রাক্কালে আর্জেন্টিনা ফুটবল শিবিরে স্বস্তির খবর নিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শনিবারের অনুশীলনে অনেকটা স্বাভাবিক ছন্দে দেখা গেছে অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষককে।

এর আগের কয়েক দিন হালকা অনুশীলন করলেও এদিন তিনি পুরো সময় গোলবারের নিচে সক্রিয় ছিলেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল যেখানে মার্তিনেজকে নিয়মিত ড্রিল এবং গোলরক্ষকদের প্রথাগত অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা যায়।

ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের আঙুলে চিড় ধরায় ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক পুনর্বাসনের মধ্যে ছিলেন। অনুশীলনের সময় চোটাক্রান্ত আঙুলে মাঝেমধ্যে হাত দিতে দেখা গেলেও তার শারীরিক উন্নতি ইতিবাচক বলেই মনে করছে দলটির চিকিৎসক প্যানেল।

তবে অনুশীলনের সময় কিছুটা সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে তাকে। মাটিতে ঝাঁপ দেওয়ার পর উঠে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি ডান হাতের তুলনায় বাম হাতের ওপর বেশি ভর দিচ্ছিলেন। ডান দিকে ঝাঁপানোর পরও তাকে বাম হাতের ওপরই বেশি নির্ভর করতে দেখা যায়।

সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। অনুশীলন শেষে মার্তিনেজ সাংবাদিকদের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে থাম্বস আপ দিয়ে জানান যে তিনি সুস্থ আছেন। এ সময় তিনি রসিকতা করে বলেন যে তার সাথে বিশ্বের সেরা ফিজিও রয়েছেন।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language