জাতীয়

পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন ও বিশেষ আদালত গঠনের দাবি

ঢাকা, ১৩ জুন – ঢাকার মিরপুরে নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার করুণ মৃত্যুর ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল জানিয়েছেন, সরকারি চাকরিতে কর্মরত ওই বৃদ্ধার ছেলেকে যথাযথ প্রক্রিয়ায় চাকরিচ্যুত করা যেতে পারে।

তিনি পিতা-মাতার ভরণপোষণ আইনটি সংশোধন করে আরও আধুনিক ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও প্রস্তাব করেন যে, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা প্রয়োজন।

শুধু সন্তান নয়, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতেও মামলা করার বিধান থাকা উচিত বলে তিনি মনে করেন। এছাড়া মা-বাবার ভরণপোষণ না করলে বা নির্যাতন করলে অভিযুক্তকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার আইনগত বিধান তৈরির সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, মা-বাবাকে যারা বৃদ্ধ বয়সে কষ্ট দেয় তারা সমাজের কলঙ্ক। অনেকে মা-বাবার সহায় সম্পত্তি লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়।

তিনি প্রতিটি জেলায় আধুনিক প্রবীণ নিবাস তৈরির পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি জানান। অনুষ্ঠানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language