জাতীয়

জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বৈঠক

ঢাকা, ১২ জুন – বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াশিংটনে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় যে এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট। বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন এবং তারা দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন বলে জানা গেছে।

এস এম/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language