জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট: বাড়ছে সব ধরনের সিগারেটের দাম

ঢাকা, ১১ জুন – ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

বাজেটে সিগারেটের মূল্যস্তর ভেদে ১০ শলাকার প্যাকেটের দাম সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী জানান, জনস্বাস্থ্য ঝুঁকি এবং রাজস্ব সম্ভাবনা বিবেচনা করে সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যমস্তর ৯২ টাকা, উচ্চস্তর ১৬০ টাকা এবং অতি উচ্চস্তর ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সিগারেটের উপর সম্পূরক শুল্কের হারও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এবারের বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে তার ওপর ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোর প্রতি ১০ শলাকার দাম ২১০ টাকা ধরে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তামাক পণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে তদারকির জন্য ট্র্যাক এন্ড ট্রেস পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করা হয়েছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language