জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট: স্বাস্থ্য সরঞ্জাম ও ওষুধের কাঁচামালে কমছে কর ও ভ্যাট

ঢাকা, ১১ জুন – দেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বিভিন্ন সরঞ্জামের ওপর কর ও ভ্যাট কমানোর বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে চোখের লেন্স, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং এবং ডায়ালাইসিস সামগ্রীর মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে।

আগামী ১১ জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটে চোখের ইন্ট্রাওকুলার লেন্সের জোগানদার পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রতিটি লেন্সের দাম অন্তত পাঁচ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।

একইভাবে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের ওপর থেকে ১০ শতাংশ কর প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে একটি রিংয়ের খরচ প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবাকে আরও সহজলভ্য করতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে একজন রোগীর ডায়ালাইসিস প্রতি প্রায় ৮০০ টাকা ব্যয় কমবে। এছাড়া হেমোডায়ালাইসিসের ব্লাড টিউবিং সেট আমদানিতে থাকা সাড়ে সাত শতাংশ ভ্যাটের আগাম কর প্রত্যাহারের প্রস্তাবও বাজেটে থাকতে পারে।

শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহৃত ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একইসাথে মরদেহ সংরক্ষণের মরচুয়ারি আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে নামিয়ে ১ শতাংশে আনার কথা বলা হয়েছে।

ওষুধ শিল্পে সক্ষমতা বৃদ্ধিতে বাজেটে ক্যানসার প্রতিরোধী ওষুধের কাঁচামালে শুল্ক সুবিধা ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআই তৈরিতে ৫১টি নতুন কাঁচামালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। ওষুধ রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে আরও ১৭টি মৌলিক কাঁচামাল রেয়াতি সুবিধার আওতায় আসতে পারে।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এই বিশাল বাজেটের ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language