জাতীয়

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করল মন্ত্রিসভা

ঢাকা, ১১ জুন – জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বিশাল ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

বাজেট পরিকল্পনা অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আজ বিকেলেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি বাংলাদেশের ইতিহাসের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট উপস্থাপন।

নিয়ম অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে বাজেট দলিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি সূচক স্বাক্ষর করবেন। নতুন এই অর্থবছর আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language