ঝালকাঠি

ওসমান হাদি হত্যার বিচার ও মমতার বক্তব্যের ব্যাখ্যা দাবি বোন মাছুমার

ঝালকাঠি, ৮ জুন – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কূটনৈতিকভাবে স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

সোমবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের বোন মাছুমা হাদি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের পেছনের রহস্য উদঘাটন করতে হবে। তার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলে আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা পাবে এবং ওসমান হাদির মতো ইনসাফের প্রতীক হওয়ার অনুপ্রেরণা পাবে।

হত্যাকাণ্ডের আসামিদের দেশত্যাগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মাছুমা হাদি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর কীভাবে খুনিরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে।

এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, চার্জশিট দাখিলের সময় বারবার কেন পরিবর্তন করা হচ্ছে, সেটি জাতি জানতে চায়। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় উদাসীনতা থাকলে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম এমন অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language