ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সুপারভাইজার নিহত

ঝালকাঠি, ৫ জুলাই – ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল মামুন মনির নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে ওই সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে নাহিদ সুপার নামের একটি বাস।
বাসটি রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মাহিন্দ্রা গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে বাসের সুপারভাইজার ও আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল হাসপাতালে পাঠান।
ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন। নিহত মনির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বাসটি উদ্ধার করে সড়কে পুনরায় যানচলাচল স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৫ জুলাই ২০২৬









