মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের

তেল আবিব, ৭ জুন – অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সাক্ষাৎকারে জানান, আগামী দিনগুলোতে এসব বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আসতে পারে।

গত মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করার পরই ফ্রান্সের পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো।

পাবলিক সিনেট টেলিভিশন এবং আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বারো বলেন, ইউরোপের দেশগুলো এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান হামলা এবং তাদের ভূমি থেকে উচ্ছেদ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স।

কূটনীতিকদের মতে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ফ্রান্স এবং আরও কয়েকটি দেশ মিলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানি ও সংস্থাগুলোর ওপর চাপ বাড়াতে সমন্বিতভাবে কাজ করছে। এসব প্রতিষ্ঠান বসতি স্থাপনকারীদের জমি দখল, ফসল পুড়িয়ে দেওয়া এবং সরকারি স্থাপনা ধ্বংস করতে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে।

গত ২২ মে ব্রিটেন, জার্মানি ও কানাডাসহ সাতটি দেশ যৌথ বিবৃতিতে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ এবং ক্রমবর্ধমান সহিংসতা দমনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button