বাজেট অধিবেশনে গঠনমূলক ভূমিকার ঘোষণা দিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ঢাকা, ৭ জুন – বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান এবং সংসদীয় কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে বিরোধী দল বলিষ্ঠ ভূমিকা পালন করবে। দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে সংসদে তারা গঠনমূলক আলোচনা করবেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো আপস করা হবে না এবং সরকারের বাজেট প্রস্তাবনার ওপর তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন। জনগণের প্রত্যাশা পূরণে সংসদীয় কার্যক্রমকে কার্যকর করতে দলের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ৭ জুন ২০২৬









