দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮৭

ঢাকা, ৭ জুন – বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে রবিবার এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তর জানিয়েছে,
গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬২০ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে এখন পর্যন্ত ৬০ হাজার ৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।
এস এম/ ৭ জুন ২০২৬









