নওগাঁ

৬ দফা দাবিতে নওগাঁয় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নওগাঁ, ৭ জুন – স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্তের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

ইন্টার্ন চিকিৎসকরা এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত গত ১৯ মে গৃহীত সিদ্ধান্তসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান। এছাড়া বিসিএস স্বাস্থ্যে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য দেন ডা. নাদিয়া বিনতে কাজল, ডা. হাসিবুল হাসান রাকিব, ডা. বারিউল হায়দার, ডা. মারুফ বিল্লাহ এবং শিক্ষার্থী আনিসুর রহমান।

বক্তারা বলেন যে চিকিৎসকদের সুরক্ষা এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়। বর্তমান ব্যবস্থায় ইন্টার্নরা চরম অবহেলার শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করা।

সেই সঙ্গে বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বিএসএমএমইউ এর সব ভর্তি ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language