নওগাঁ

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

নওগাঁ, ২৪ জুন – নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পুশইন প্রচেষ্টার মুখে বিজিবির টহল দল দ্রুত পদক্ষেপ নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয়।

বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোর চারটার দিকে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশুকে আদাতলা সীমান্তচৌকি এলাকা দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশ আটকে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন যে কোনো অবস্থাতেই কাউকে অবৈধভাবে সীমান্ত পার হতে দেওয়া হবে না। এর আগেও পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কয়েকটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language