নওগাঁ

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত: প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নওগাঁ, ৮ মে – নওগাঁর পতিসরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কবির স্মৃতি বিজড়িত পতিসর কাচারী বাড়ি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল অত্যন্ত সুদৃঢ়। কবিকে সারাজীবন পড়লেও তাঁকে পূর্ণাঙ্গভাবে আবিষ্কার করা সম্ভব হবে না। তিনি রবীন্দ্রনাথকে একজন মহান দার্শনিক এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক হিসেবে অভিহিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, রবীন্দ্রনাথে যারা সাম্প্রদায়িকতার দাগ কাটার চেষ্টা করেন, তাদের আসলে জ্ঞানের অভাব রয়েছে।

পতিসরের কৃষকদের জীবনমান উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, কবি এখানে কৃষি ব্যাংকের কার্যক্রম এবং উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকার কবির সেই আদর্শকে ধারণ করেই কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। দিনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কর্মসূচির দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে পতিসর ও আশেপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language