নওগাঁ সীমান্তে ৯ নারী ও শিশুকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ, ২৫ জুন – নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে পুশইনের চেষ্টার শিকার হওয়া নয়জন নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত ফেরত নিয়ে গেছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বুধবার দিনভর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে ওই নারী ও শিশুদের অবস্থান করতে দেখা গিয়েছিল।
তবে বর্তমানে সীমান্তে তাদের আর কোনো চলাচল বা অবস্থান পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকার কাজে লাগিয়ে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার করেছে বিজিবি।
জেলার সব সীমান্ত ফাঁড়িতে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে গত বুধবার ভোর চারটার দিকে সাপাহারের আদাতলা বিওপির আওতাধীন ২৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ এই নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
সে সময় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা সেই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে তারা সর্বোচ্চ সজাগ রয়েছে।
এস এম/ ২৫ জুন ২০২৬









