সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম

ঢাকা, ৭ জুন – সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মন্ত্রীর ওই বক্তব্যকে আপত্তিকর ও অপমানজনক অভিহিত করে তিনি বলেন, রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এ ধরনের মন্তব্য আসা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, বিতর্কিত মন্তব্যের তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার বা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। এছাড়া সরকারের পক্ষ থেকেও এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয়নি। এতে প্রতীয়মান হয় যে, সালাহউদ্দিন আহমদের এই মন্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন।
বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার সংজ্ঞাকে সংকুচিত করে এই সংকটকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছেন।
মন্ত্রীর যুক্তি ছিল যে, সীমান্ত হত্যা কেবল জিরো লাইনে সংঘটিত মৃত্যুর ক্ষেত্রেই প্রযোজ্য। তার মতে, সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ বা অনুপ্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখা উচিত।
তবে নাহিদ ইসলাম এই যুক্তির বিরোধিতা করে বলেন, জাতিসংঘের মানবাধিকার নীতিমালা এবং জেনেভা কনভেনশন অনুযায়ী নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর গুলি বা নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী কেবল প্রয়োজনীয় ও আনুপাতিক শক্তি প্রয়োগ করতে পারে। প্রাণঘাতী শক্তির নির্বিচার ব্যবহার সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, বিগত সরকারের সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অনুরূপ মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সেই সময়কার নতজানু অবস্থানের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের আপসকামী বক্তব্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।
এনএন/ ৭ জুন ২০২৬









