জাতীয়

সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ৫ জুন – সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না এবং গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগের কোনো নীতি বর্তমান সরকারের নেই।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনের সময় সংবাদ প্রকাশে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও বর্তমান সরকার সেই পথে হাঁটবে না।

প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিজস্ব গতিতে চলার নির্দেশনা দিয়েছেন। তবে অপতথ্য ও অসত্য সংবাদ যেন প্রচার না হয়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, আবাসন সংকট নিরসন এবং বকেয়া বেতন পরিশোধ নিয়ে সরকার কাজ করছে। গণমাধ্যম মালিকদের প্রতি সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ এবং সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান, সাংবাদিক নেতা ওবায়দুর রহমান শাহীন, জাহিদুল করিম কচি এবং এম এ মালেক।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা আবাসন সংকট ও ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এর আগে প্রতিমন্ত্রীদ্বয় ফিতা কেটে সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়টি উদ্বোধন করেন।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language